পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছেন মানুষ। ঈদকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। তবে, বিগত বছরগুলোর তুলনায় এবার যাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকায় অনেকেই স্বস্তিতে বাড়ি ফিরছেন।
মঙ্গলবার (২৬ মে) বিকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন রুটের লঞ্চে যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে উঠছেন। সকাল থেকে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে যাত্রী চলাচল কিছুটা কম থাকলেও বিকালের পর আবহাওয়া স্বাভাবিক হলে টার্মিনালে যাত্রী সমাগম বাড়তে থাকে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত ভিড় না থাকায় তারা স্বস্তিতে যাত্রা করতে পারছেন এবং নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
মোহাম্মদপুর থেকে ভোলার চরফ্যাশনে যাওয়া মো. সুমন মিয়া জানান, আগের মতো ভিড় নেই, তাই ভালোভাবে যেতে পারবেন বলে আশা করছেন। পটুয়াখালীর রাঙ্গাবালীর উদ্দেশে আসা রোকসানা আক্তার বলেন, সকালের বৃষ্টিতে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও এখন আবহাওয়া ভালো এবং ভিড়ও কম। কেরানীগঞ্জের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রুবেল হাওলাদার বলেন, আগে সদরঘাটে যে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা দেখা যেত, এবার তা তুলনামূলকভাবে কম এবং শৃঙ্খলা আছে। মাদারীপুরগামী যাত্রী শারমিন বেগমও ভিড় কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন জানান, সকালে যাত্রীর সমাগম বেশি থাকলেও আবহাওয়ার কারণে তা কিছুটা কমে যায়। বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫ থেকে ২০ মিনিট লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর আবার যাত্রী বাড়তে শুরু করে। তিনি আরও জানান, স্বাভাবিক দিনের তুলনায় এবার যাত্রীর চাপ কম এবং রাত ১০টা পর্যন্ত যাত্রীদের চাপ থাকবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























