বিশ্বকাপের জন্য নিজেদের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান দলকে আতিথ্য দিতে রাজি না হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে অনুশীলন ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তরিত করার এই তথ্য নিশ্চিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরান দলকে নিজেদের দেশে রাখতে অনিচ্ছুক হওয়ায় ফিফা মেক্সিকোর সাথে যোগাযোগ করে।
শেইনবাউম বলেছেন, “যুক্তরাষ্ট্র চায় না ইরান দল সেখানে থাকুক। অথচ তাদের তিনটি ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে। তাই তারা আমাদের জিজ্ঞাসা করেছে, ‘ইরান কি মেক্সিকোতে রাতযাপন করতে পারবে?’ আমরা বলেছি, কোনো সমস্যা নেই। আমাদের কোনো আপত্তি নেই।”
পরবর্তীতে ফিফা নিশ্চিত করেছে যে, মেক্সিকোর তিজুয়ানা-তে অবস্থিত সেন্ট্রো জোলোইৎসকুইন্টলে হবে ইরানের অনুশীলন শিবির।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরান ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে। তাদের প্রথম দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে এবং শেষ ম্যাচটি সিয়াটলে অনুষ্ঠিত হবে। বর্তমানে ইরান দল তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তালিয়ায় বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছেন, ফিফা তাদের আশ্বাস দিয়েছে যে, ইরান দলের সকল খেলোয়াড় যুক্তরাষ্ট্রে খেলার জন্য ভিসা পাবে।
রিপোর্টারের নাম 























