চাঁদপুর লঞ্চঘাটে বৈরী আবহাওয়ার মধ্যে দ্রুত ভিড়তে গিয়ে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে ঈগল-৭ ও ময়ূর-২ লঞ্চের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষে ঈগল-৭ ও ময়ূর-২ লঞ্চের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রবল ঝড়ো বাতাসের কারণে লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়।
যাত্রীরা জানান, ঢাকা থেকে আসা লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় ঈগল-৭ লঞ্চের যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ময়ূর-২ লঞ্চটি ঈগল-৭-কে ধাক্কা দেয়। আতঙ্কিত যাত্রীরা নিজেদের জিনিসপত্র ফেলে দ্রুত নামতে শুরু করেন। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লঞ্চ মালিকদের প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ‘আমার বয়সে ঘাটে এমন ঝড় দেখিনি। অল্পের জন্য শত শত যাত্রী রক্ষা পেয়েছেন। ঝড়ের কবলে পড়ে লঞ্চের অনেক ক্ষতি হয়েছে।’ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, তীব্র ঝড়ের কারণে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন। এ ঘটনায় লঞ্চ ঘাটের চারটি পন্টুনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুত মেরামত করা হবে। বিকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।
রিপোর্টারের নাম 





















