পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে লঞ্চগুলোতে। এই পরিস্থিতিতে যাত্রীদের উদ্দেশ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি লঞ্চে অতিরিক্ত যাত্রী না ওঠার জন্য অনুরোধ করেছেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এই পরামর্শ দেন। এ সময় তিনি বিভিন্ন লঞ্চ ঘুরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং সরকার নির্ধারিত নির্দেশনাগুলো যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন।
রাজিব আহসান বলেন, “নিরাপদ ঈদযাত্রা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা যাত্রীদের বলছি, আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না। সরকারের যে নির্দেশনা রয়েছে, সেগুলো মেনে চলুন।” তিনি আরও বলেন, “পরিকল্পনামাফিক ঈদযাত্রা শুরু হয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে ও নিরাপদে আমরা মানুষকে তাদের ঘরে পৌঁছে দিতে পারব এবং ছুটি শেষে আবার ফিরিয়ে আনতে পারব। এটি একটি উৎসব, তাই যাত্রীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।”
প্রতিমন্ত্রী সদরঘাট টার্মিনালকে আরও যাত্রীবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান। তিনি উল্লেখ করেন যে, বিগত বছরগুলোতে হকারদের কারণে যাত্রীদের ভোগান্তি হতো, কিন্তু এখন যাত্রীদের সুবিধার জন্য হকারদের টার্মিনালে বসতে দেওয়া হয় না। হকারদের বিকল্প জায়গায় পুনর্বাসন করা হয়েছে এবং সদরঘাট টার্মিনালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত রূপ দেওয়া হয়েছে।
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, “সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হচ্ছে। প্রতিটি লঞ্চে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়ার তালিকা উল্লেখ আছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ এখন পর্যন্ত কেউ করেনি।”
রিপোর্টারের নাম 





















