ঢাকার সাভারের মহাসড়কে চলাচলকারী অনেক যানবাহন মালিক সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিডিও নজরদারির আওতায় মামলা ও জরিমানা পরিশোধের ভুয়া মেসেজ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। তবে জেলা পুলিশ জানিয়েছে, সাভার অঞ্চলে এ ধরনের কোনো মামলার প্রচলন এখনো শুরু হয়নি এবং এসব মেসেজ প্রতারণার কৌশল।
সম্প্রতি ঢাকা মহানগরীতে এআই নজরদারির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের মুঠোফোনে মামলা ও দণ্ড সংক্রান্ত নির্দেশনা দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রতারক গোষ্ঠী সক্রিয় হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আদলে নকল ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন নম্বর থেকে পরিবহন মালিকদের কাছে মামলা ও জরিমানার মেসেজ পাঠানো হচ্ছে। অন্তত কয়েকজন পরিবহন মালিকের মোবাইলে আসা জরিমানা সংক্রান্ত মেসেজের স্ক্রিনশট পাওয়া গেছে।
এসব মেসেজের প্রেরকের নম্বরগুলো (+639489958531 ও +639993249285) আন্তর্জাতিক কলিং কোড (+৬৩) অনুযায়ী ফিলিপাইনের। মেসেজগুলোতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি জারি করেছে এবং ইন্টেলিজেন্ট ভিডিও নজরদারি ব্যবস্থা অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। দেরি হলে জাতীয় চালক ডেটাবেস এবং ক্রেডিট রেকর্ডে তথ্য সিঙ্কোনাইজ করা হবে এবং প্রয়োজনে যানবাহন জব্দ করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে।
সাভারের ব্যাংক কলোনি এলাকার এক প্রাইভেটকার মালিক শনিবার বিকালে এমন একটি মেসেজ পেয়েছেন। ওয়েবসাইটে গাড়ির নিবন্ধন নম্বর দিলে তাকে জরিমানা পরিশোধের নির্দেশনা দেখানো হচ্ছে।
রিপোর্টারের নাম 






















