চীনের শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘চীনের এই কঠিন সময়ে বাংলাদেশ পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।’
রবিবার (২৪ মে) গণভবন থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে চীনের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইলো। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পান সেই কামনা করেন।
উল্লেখ্য, চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশে গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জনের প্রাণহানি হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
রিপোর্টারের নাম 























