শেরপুর শহরের ঢাকলহাটি এলাকায় ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ধর্ষণের ফলে শিশুটি গর্ভবতী হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুটি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, স্থানীয় কাউছার মিয়া নামের এক যুবক প্রলোভন ও ভয় দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অপরাধীরা বিষয়টি ধামাচাপা দিতে অনভিজ্ঞ ও অবৈধ উপায়ে তার গর্ভপাত ঘটায়। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে অভিযুক্ত কাউছার মিয়া ও সুন্নত আলী সন্তুসহ কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























