রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালটির পরিচালক কর্নেল লতিফা রহমান জানিয়েছেন, বর্তমানে ৪৭৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৩৮ জন। গত ১৬ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৫ হাজার ৮১১ জন চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। কুমিল্লার চান্দিনা থেকে আসা শিশু জাওজিরের মতো আরও অনেক শিশু ও তাদের স্বজনরা এখানে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ছোট ছোট শিশুদের কষ্ট দেখে স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের প্রকোপ সামলাতে হাসপাতালের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে। আক্রান্ত শিশুদের যথাযথ সেবা নিশ্চিত করতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আক্রান্তের হার এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
রিপোর্টারের নাম 

























