পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হওয়া লাখ লাখ মুসল্লির জন্য সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। আগামী ২৫ মে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে বেশ কিছু অঞ্চলে তীব্র দাবদাহ এবং ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, রিয়াদ, নাজরান, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং তাবুকসহ বিভিন্ন এলাকায় ধূলি ও বালুঝড় বয়ে যেতে পারে। এছাড়া মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোর সংযোগ সড়কগুলোতে দিনের বেলা তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। উন্মুক্ত এলাকাগুলোতে আর্দ্রতা কম থাকলেও বাতাসের সাথে ধূলিকণার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছে। মুসল্লিদের প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে যাতে পানিশূন্যতা রোধ করা যায়। এ বছর প্রায় ১৬ লাখ হাজির অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই ধর্মীয় জমায়েতে আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























