জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকারের ভেতরেই নতুন করে এস আলম এবং সালমান এফ রহমান হওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির ছায়া বাজেট কমিটি আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে দেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট ও দুর্নীতি হয়েছে। নির্দিষ্ট কিছু ব্যক্তি ও পরিবারকে বিশাল অংকের ঋণ দিয়ে সেই টাকা বিদেশে পাচার করার সুযোগ করে দেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বর্তমান সরকার এই দুর্নীতি ও ঋণের সংস্কৃতি বন্ধ করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকারের ভেতরেই এখন নতুন প্রভাবশালী হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।
ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটিতে রেখে সাধারণ ব্যবসায়ীদের আস্থা অর্জন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে হলে সৎ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে। রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে বড় কর্পোরেট গ্রুপগুলো ঋণ নিয়ে তা পরিশোধ করছে না, অথচ সামান্য ঋণের দায়ে কৃষকের কোমরে দড়ি বেঁধে জেলে নেওয়া হচ্ছে। এই বৈষম্য দূর না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশীয় ব্যবসায়ীদের আস্থা ফেরাতে না পারলে বিদেশি বিনিয়োগ আসা অসম্ভব। সরকারের পক্ষ থেকে নির্বাচিত সরকার এলে বিনিয়োগ বাড়ার কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। আন্তর্জাতিক অঙ্গনে সরকারের গ্রহণযোগ্যতা এবং বৈদেশিক অর্থায়নের সীমাবদ্ধতা নিয়েও তিনি এ সময় উদ্বেগ প্রকাশ করেন। জনস্বার্থ রক্ষায় সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি জানান, বিরোধী পক্ষ হিসেবে তারা তাদের ছায়া বাজেট ও গঠনমূলক সংস্কার প্রস্তাব অব্যাহত রাখবেন।
রিপোর্টারের নাম 























