পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ছুটির সময় দেশের ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার জারি করা এই সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটির সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে লেনদেন চালু রাখতে হবে।
সব এটিএম বুথে সার্বক্ষণিক সেবা চালু রাখা, যেকোনো কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করা, বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পিওএস ও কিউআর কোড-ভিত্তিক লেনদেনও সার্বক্ষণিক সচল রাখতে বলা হয়েছে এবং জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পাদিত লেনদেনে নিরাপত্তা জোরদারে টু ফ্যাক্টর অথেনটিকেশন (টু-এফএ) বাধ্যতামূলকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখা এবং এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 





















