বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন যে, দেশে সংঘটিত সব ধরনের অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামী সরাসরি জড়িত। তিনি দাবি করেন, জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটছে এবং নিজেদের অপকর্মের দায়ভার বিএনপি সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, জামায়াতে ইসলামী ঐতিহাসিকভাবেই ভুল সিদ্ধান্তের পথে হেঁটেছে। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল, তা দেশের মানুষ ভালো করেই জানে। তিনি আরও অভিযোগ করেন, অতীতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরিতে একটি নির্দিষ্ট গোষ্ঠী কাজ করেছে এবং বর্তমানেও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে।
দেশের স্বাস্থ্য খাতের অসংগতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বারবার সতর্ক করা হলেও তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। যার ফলে নির্মূল হওয়া রোগগুলো আবারও ফিরে আসছে। দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা অসংখ্য মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়েছে।
রিপোর্টারের নাম 























