খাদ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকার জন্য দেশবাসীকে সতর্ক করেছে। সংস্থাটি বলছে, অতিরিক্ত লবণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এটি রক্তে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হয়।
গবেষণায় দেখা যায়, বাংলাদেশে অতিরিক্ত লবণ গ্রহণ করা হচ্ছে। তবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক মাত্র ৫ গ্রাম লবণ প্রয়োজন। বিএফএসএ একটি সহজ উদাহরণ দিয়ে জানিয়েছে, দৈনিক জনপ্রতি ৫ গ্রাম হিসেবে চারজনের একটি পরিবারে যদি ৫০ দিনের আগেই এক কেজি লবণ শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে পরিবারটি অজান্তেই অতিরিক্ত লবণ গ্রহণ করছে এবং নিজেদের বিপদ ডেকে আনছে।
লবণের ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে বিএফএসএ আরও বলেছে যে, দৈনিক পরিমিত মাত্রায় লবণ গ্রহণের পাশাপাশি অতিরিক্ত লবণযুক্ত খাবার যেমন—চানাচুর, চিপস, নুডলস, সস, ফাস্টফুড ইত্যাদি অবশ্যই পরিহার করতে হবে।
রিপোর্টারের নাম 
























