কোরবানির ঈদে বড় পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও পাইরেসির কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ‘রঙবাজার’ টিম। মুক্তির আগেই সিনেমাটির সম্পূর্ণ এইচডি প্রিন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বড় পর্দার বদলে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে বাধ্য হয়েছেন নির্মাতা ও প্রযোজকরা। ফলে গত ১৭ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক’-এ স্ট্রিমিং শুরু হয়েছে আলোচিত এই সিনেমাটির।


সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, প্রযোজকের সিদ্ধান্তেই হঠাৎ করে ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে ‘রঙবাজার’। বড়পর্দার জন্য নির্মিত একটি সিনেমা এভাবে দর্শকদের সামনে আসায় তার মন খারাপ হলেও পাইরেসির কারণে বিকল্প কোনো পথ খোলা ছিল না। সামাজিক মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সিনেমার ফাঁস হওয়া কপি সরানোর চেষ্টা করা হলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। ফলে ক্ষতি কমাতেই দ্রুত ওটিটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

রঙবাজার সিনেমার গল্প লিখেছেন তামজিদ অতুল এবং চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত এই সিনেমার বড় অংশের শুটিং হয়েছে দেশের অন্যতম আলোচিত দৌলতদিয়া যৌনপল্লী এলাকায়। সিনেমাটিতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ এবং মাহমুদুল ইসলাম মিঠু। সংশ্লিষ্টরা মনে করছেন, মুক্তির আগেই পাইরেসির শিকার হওয়া দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে থাকল ‘রঙবাজার’-এর ঘটনা।
রিপোর্টারের নাম 

























