চট্টগ্রামের সাতকানিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে সাধারণ মানুষের জীবন। সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যাদের দোতলা বাড়ি ছিল তারা কোনোমতে আশ্রয় নিতে পারলেও অনেকের বাড়িঘর সম্পূর্ণ ভেসে গেছে। গবাদিপশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা।
সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী গ্রামের বাসিন্দারা জানান, গত বুধবার থেকে পানিবন্দি হয়ে পড়ার পর তারা মানবেতর জীবন যাপন করছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোতে এখন একমাত্র যাতায়াতের মাধ্যম নৌকা। বন্যায় অনেকের বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়ায় এবং সহায়-সম্বল হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্রুত সহায়তা না পৌঁছালে এই জনপদের মানুষের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
রিপোর্টারের নাম 
























