মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ জন নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে দুটি ককটেল সদৃশ বস্তু ও চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাতের কোনো এক সময় গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
উদ্ধার করা চিরকুটে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করে এক ঘণ্টার মধ্যে তাদের জীবন শেষ করে দেওয়ার এবং লাভলীর মতো জবাই করার হুমকি দেওয়া হয়েছে। এতে পুলিশ তাদের পক্ষে কাজ করবে বলেও উল্লেখ করা হয়েছে। অন্য একটি চিরকুটে ‘শেখ হাসিনা আসবে, ছয় মাস সময়’ লিখে বিএনপি নেতাকর্মীদের কুকুরের বাচ্চা আখ্যা দিয়ে তাদের কী হাল করবে এমন ভাষায় হুমকি দেওয়া হয়েছে। এতে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগানও লেখা ছিল।
চিরকুটে ১৮ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে, যাদেরকে স্থানীয়রা ওই দলের কর্মী বলে শনাক্ত করেছেন। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বাবলু মিয়া নামের এক ব্যক্তি জানিয়েছেন, এর আগেও তাকে কয়েকবার চিরকুট লিখে হুমকি দেওয়া হয়েছে এবং তিনি ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ককটেল সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
রিপোর্টারের নাম 























