দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্য ও রাজনৈতিক বিবেচনাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা উচ্চশিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
শুক্রবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিশ্ববিদ্যালয়গুলো হলো মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গবেষণার পবিত্র কেন্দ্র। সেখানে রাজনৈতিক বিবেচনায় প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। অতীতেও এমন দলীয়করণের ফলে শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা, সেশনজট ও সহিংসতা দেখা দিয়েছিল, যার পুনরাবৃত্তি দেশবাসী আর দেখতে চায় না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বচ্ছ শাসনব্যবস্থা। কিন্তু স্থানীয় সরকার থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত দলীয়করণের যে ধারা লক্ষ্য করা যাচ্ছে, তা গণতন্ত্র ও সঠিক রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত। স্বচ্ছতা ও একাডেমিক যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 























