নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সামার সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্দী আমিন। এই ওরিয়েন্টেশন নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তি সহ মোট ৯৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র) দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্দী আমিন। এছাড়াও, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ এবং এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।
বিভিন্ন স্কুলের পরিচয় তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।
প্রধান অতিথি জনাব মাহ্দী আমিন তাঁর বক্তব্যে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থার ওপর জোর দেন, যেখানে জ্ঞান ও দক্ষতার মেলবন্ধন থাকবে এবং শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য করে তুলতে পারবে।
রিপোর্টারের নাম 

























