ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া ওভার ব্রিজসংলগ্ন এলাকায় দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপারসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু জাফর এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার আব্দুল হাকিম মিয়ার ছেলে কাভার্ডভ্যান গাড়ির হেলপার জুয়েল হোসেন এবং একই কাভার্ডভ্যানের চালক কুড়িগ্রামের বাসিন্দা জুয়েল মিয়া। খবর পেয়ে শিবচর হাই থানা পুলিশ, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় কাভার্ডভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পিছনে একই লেন দিয়ে আসছিল আরও একটি ছোট কাভার্ডভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে বড় কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার দুজনই নিহত হন। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিহত দুজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























