বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের একমাত্র সড়কটি দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। টানা বর্ষায় সড়কটিতে অসংখ্য বড় বড় গর্ত সৃষ্টি হয়ে কাদা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকছে, যার ফলে প্রায় ২৫ হাজার গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, কাদা-পানিতে তলিয়ে থাকা এই সড়ক দিয়ে স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পিচ উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়শই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। গ্রামের একমাত্র কমিউনিটি ক্লিনিকে যেতেও প্রসূতি, বৃদ্ধ ও শিশুদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই একই চিত্র দেখা গেলেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও তারা কোনো স্থায়ী সমাধান পাননি।
তবে, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ জানিয়েছেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাটি সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুও দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন বলে জানান।
রিপোর্টারের নাম 

























