নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে এক কিশোরী গৃহবধূ আত্মহনন করেছেন। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী (১৭) বালাহৈর গ্রামের শ্যামলের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে নিয়ামতপুর উপজেলার কুতুবপুর গ্রামের শ্রী বীরেন দাসের ছেলে সুমনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। সম্প্রতি পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। এরই একপর্যায়ে অভিমান করে স্বামীর বাড়ির দোতলায় নিজের ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন শ্রাবন্তী।
খবর পেয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।
রিপোর্টারের নাম 
























