জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ এক হাজার ৬৯৫ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে ৯টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লক্ষ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লক্ষ টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন তিনটি, সংশোধিত পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের।
একনেক সভায় অর্থমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, কৃষি মন্ত্রী, শিল্পমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন)’ এবং ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন)’ প্রকল্প। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ/পুনর্নির্মাণ (প্রথম ফেইজ)’ প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন)’ প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ (২য় সংশোধন)’ প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪ x এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ‘চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত)’ প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প।
রিপোর্টারের নাম 






















