দক্ষিণ লেবাননের মায়দাল জৌন গ্রামে হিজবুল্লাহর একটি ২০০ মিটার দীর্ঘ ভূগর্ভস্থ টানেল ধ্বংস করেছে ইসরাইলি সামরিক বাহিনী। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। হামলার আগে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে অবহিত করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সীমান্তে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতাকারী একটি নিরাপত্তা চুক্তির দুই দিন পর এই হামলা চালানো হলো। চুক্তিতে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং দক্ষিণ লেবাননের কিছু অংশ থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে ইসরাইলি বাহিনী আপাতত একটি বর্ধিত নিরাপত্তা অঞ্চলে অবস্থান করার অনুমতি পাবে।
ইসরাইলের দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া টানেলটিতে শত শত অস্ত্র ও রকেট লঞ্চার ছিল। এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় রকেট চালিত গ্রেনেডধারী হিজবুল্লাহ যোদ্ধা এবং একটি রকেট লঞ্চারে আঘাত হেনেছিল।
সোমবার ভোরে হিজবুল্লাহ এই হামলাগুলোকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে। গোষ্ঠীটি জানায়, তারা এই ধরনের সমস্ত লঙ্ঘন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের দেশ ও জনগণকে রক্ষা করার অধিকার তাদের রয়েছে। হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম এই নিরাপত্তা চুক্তি প্রত্যাখ্যান করে এটিকে ইসরাইলের কাছে আত্মসমর্পণ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তাদের গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখবে।
নেতানিয়াহু বিবৃতিতে আরও বলেন, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে এবং ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, উত্তরের জনপদগুলো থেকে হুমকি অপসারণ এবং ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা অব্যাহত রাখবে।’ ইরান যুদ্ধের সমান্তরালে চলা এই সংঘাতের কারণে ১০ লাখেরও বেশি লেবাননের নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
রিপোর্টারের নাম 






















