জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেওয়া আল আমিন (২৬) নামের এক যুবকের মরদেহ সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চেষ্টার পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ, স্থানীয় সূত্র এবং ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নান্দিনা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে বেশ কয়েকজন যুবক ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন নদীর মাঝখানে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টা একটানা অনুসন্ধানের পর বিকেল ৫টার দিকে নদী থেকে আল আমিনের নিথর দেহ উদ্ধার করা হয়। আল আমিন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল আমিন দাবি করেছেন, অভিযানের সময় কেউ নদীতে ঝাঁপ দিয়েছে বলে তাদের জানা নেই। তিনি বলেন, “আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর বাইরে কেউ নদীতে ঝাঁপ দিয়েছে কি না, আমাদের জানা নেই।” জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























