রাজধানীর বারিধারায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে এক বিশেষ ঈদ পুনর্মিলনী ও নারী সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যজোটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জামায়াতের সংসদ সদস্যদের পরিবারের নারী সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের রাজনৈতিক সেক্রেটারি ডা. হাবীবা চৌধুরী সুইট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি বলেন, দেশ ও জাতির কল্যাণে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিতে নারীদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি এমপি, প্রচার ও মিডিয়া সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি। এছাড়া জাগপা চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সমৃদ্ধি অর্জনে নারী নেতৃত্বের গুরুত্ব এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 























