দীর্ঘ ১৬ বছরের শিরোপা খরা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার লিগের শেষ রাউন্ডের রোমাঞ্চকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে বৃষ্টি আইনে ৬৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে লিগ জিতেছিল মোহামেডান। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এটিই তাদের প্রথম ডিপিএল শিরোপা।
বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের জোড়া সেঞ্চুরিতে মোহামেডান ৪০৬ রানের বিশাল সংগ্রহ গড়ে। এনামুল হক বিজয় ১৪১ রান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে তামিম ইকবালকে ছাড়িয়ে রেকর্ড ২৫তম সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে পারভেজ ইমন খেলেন ১১৫ বলে ১৫০ রানের বিধ্বংসী এক ইনিংস। এছাড়া আফিফ হোসেনের ঝোড়ো ব্যাটিং দলকে রানের পাহাড়ে পৌঁছে দেয়।
জবাবে আবাহনী ব্যাটিংয়ে নামার পর বৃষ্টি হানা দিলে ম্যাচের লক্ষ্য পুনর্নির্ধারণ করা হয়। জয়ের জন্য ২৪.৪ ওভারে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনী ১৭৮ রানেই থেমে যায়। এই জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে লিগ শেষ করল সাদা-কালোরা। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী। মোহামেডানের এই ঐতিহাসিক জয়ে ক্লাবটির সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
রিপোর্টারের নাম 



















