চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় আবু কাউসার আহমেদ (২৭) নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য ও নানা প্রশ্ন। নিহত কাউসার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আবু কাউসারের লাশ উদ্ধার করে। তার বাসা নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায়। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার মানসিক সমস্যা ছিল। মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ছাত্রলীগের স্থানীয় নেতাদের মধ্যে ভিন্ন মত দেখা গেছে। চট্টগ্রাম মহানগরীর সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা ফেসবুকে দাবি করেছেন, কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকীও নিহত যুবককে তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে নিশ্চিত করেছেন এবং সংগঠনের পক্ষ থেকে তার ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে। যদিও পুলিশ এই হত্যার দাবিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে এবং এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে।
রিপোর্টারের নাম 

























