রাজধানীর বংশালে একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নয়াবাজারের বাগডাসা লেনের একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর চিৎ অবস্থায় ওই ব্যবসায়ীর মরদেহ পাওয়া যায়। তার হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা ছিল।
নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোরের সারসা উপজেলার শ্যামলগাছি গ্রামে। তিনি নয়াবাজারের ওই বাসায় একাই ভাড়া থাকতেন এবং ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু দুপুরে বাসার ভেতরে আলো জ্বালানো দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের বাইরে থেকে দরজার পর্দা সরিয়ে তিনি নিসার আলীর পা বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তিনি প্রতিবেশীদের ডেকে বিষয়টি জানান এবং ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 

























