আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য জানান।
আইনজীবী জানিয়েছেন, দুর্ঘটনার পর আদালতে আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পলকের এমআরআই করা হয় এবং সেই প্রতিবেদন হাতে পাওয়ার পর এই তথ্য জানা গেছে। এমআরআই প্রতিবেদন অনুযায়ী, পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশের হাড়ে সমস্যা ধরা পড়েছে। এছাড়াও ঘাড়ের সি-৫/৬ এবং সি-৬/৭ ডিস্কেও জটিলতা শনাক্ত হয়েছে।
পলক আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবী। তিনি আরও বলেন, “পলক ঠিকমতো ঘাড় নাড়াতে পারছিলেন না। এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের সমস্যার বিষয়টি স্পষ্ট হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না।” তার আইনজীবী পলকের সুচিকিৎসা নিশ্চিত করতে আদালতে আবেদন করার কথা জানিয়েছেন।
এই আইনজীবী দুর্ঘটনার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, “এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনও ঘটনা— তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও তদন্ত কমিটিও গঠন করা হয়নি।” উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
রিপোর্টারের নাম 




















