ঢাকার সাভারের আশুলিয়ায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ গাজিরচট এলাকার ‘রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদরাসা’ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশুটি তার চাচার বাড়িতে থেকে মাদরাসায় পড়াশোনা করত। বুধবার বিকেলে মাদরাসা থেকে ফেরার পর শিশুটি কান্নাকাটি শুরু করলে স্বজনরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সে শিক্ষকের হাতে নির্যাতনের কথা খুলে বলে। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























