একটা সময় ক্রেডিট কার্ড কেবল উচ্চবিত্তের বিলাসিতা মনে করা হলেও বর্তমানে এটি মধ্যবিত্তের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কেনাকাটা, চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে নগদ অর্থের বিকল্প হিসেবে ক্রেডিট কার্ডের ব্যবহার এখন শহর ছাড়িয়ে মফস্বলেও ছড়িয়ে পড়েছে। গ্রাহকদের এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ক্রেডিট কার্ড নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে জামানতবিহীন ক্রেডিট কার্ডের ঋণের সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে। আর জামানতের বিপরীতে এই ঋণের সীমা ২০ লাখ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে উচ্চমূল্যের চিকিৎসা, বিদেশের শিক্ষা ব্যয় কিংবা ব্যবসায়িক জরুরি প্রয়োজনে গ্রাহকরা বড় ধরনের আর্থিক সুবিধা পাবেন।
নীতিমালায় আরও জানানো হয়েছে, কার্ডধারীরা তাদের মোট ক্রেডিট সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ টাকা উত্তোলন করতে পারবেন। তবে ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত ‘গ্রেস পিরিয়ড’ সুবিধা। নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করলে গ্রাহককে কোনো বাড়তি সুদ দিতে হয় না, যা মধ্যবিত্তের আর্থিক ব্যবস্থাপনায় বড় স্বস্তি নিয়ে আসছে।
রিপোর্টারের নাম 
























