পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চলছে বিশাল আয়োজন। এই অনুষ্ঠানকে কেবল রাজনৈতিক সমাবেশ নয়, বরং বাঙালি সংস্কৃতির এক মিলনমেলায় রূপ দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি। শপথের মূল মঞ্চে দেবী দুর্গার বিশালাকার প্রতিমার পাশাপাশি স্থান পাচ্ছে বাংলার মনিষীদের প্রতিকৃতি।
আগত অতিথিদের আপ্যায়নে থাকছে খাঁটি বাঙালি স্বাদ। মাঠজুড়ে তৈরি করা স্টলগুলোতে পাওয়া যাবে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশ। সাংস্কৃতিক আয়োজনে থাকছে ছৌ নাচ, বাউল গান এবং প্রখ্যাত শিল্পীদের পরিবেশনা। তবে আবহাওয়া কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকায় বিকল্প ভেন্যু হিসেবে নেতাজি ইনডোর স্টেডিয়ামকেও প্রস্তুত রাখা হচ্ছে। যদিও আয়োজকরা খোলা মাঠেই অনুষ্ঠান সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী।
নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনার ইতোমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় হেভিওয়েট নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনটি ভাগে বিভক্ত মূল মঞ্চে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























