ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার চিকিৎসার সমস্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রামলে ম্যাজিস্ট্রেট আদালত। গত মাসে নিজের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রথমবার প্রকাশের পর এই আদেশ জারি করা হয়। নথিতে ক্যানসার শনাক্তকরণের সময় ও চিকিৎসার বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত থাকতে হবে।
বিচারক মেনাহেম মিজরাহি একটি মানহানি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ জারি করেছেন। অভিযোগ রয়েছে যে, সাংবাদিক উরি মিসগাভ, বেন কাসপিট এবং নেতানিয়াহুর কট্টর সমালোচক গোনেন বেন ইতজাক দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। তাদের মন্তব্যের বিরুদ্ধে নেতানিয়াহু মানহানির মামলা করেন।
গত মাসে নেতানিয়াহু নিজে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়া এবং চিকিৎসা গ্রহণের কথা স্বীকার করেন। এরপর সাংবাদিক উরি মিসগাভ আদালতে একটি আবেদন করেন। সেই আবেদনে তিনি নেতানিয়াহুর ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ড. জভি বেরকোভিটস এবং ক্যানসার চিকিৎসার প্রধান অধ্যাপক অ্যারন পোপভতজারকে সাক্ষী হিসেবে তলব করার অনুরোধ জানান।
বিচারক মিজরাহি তার রায়ে জানিয়েছেন, নেতানিয়াহুকে তার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। তবে এই নথিগুলো ‘সিলগালা’ অবস্থায় থাকবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
আদালত নির্দেশ দিয়েছেন যে, নথিপত্রের সঙ্গে চিকিৎসক বেরকোভিৎসকে একটি স্বাক্ষর করা চিঠি জমা দিতে হবে। সেখানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে, নথিতে নেতানিয়াহুর স্বাস্থ্যের হালনাগাদ তথ্য এবং তার ‘প্রোস্টেট ক্যানসার প্রথম কবে ধরা পড়েছিল’ সেই সংক্রান্ত বিবরণ রয়েছে।
আগামী ১৩ মে-এর মধ্যে নেতানিয়াহুকে এসব রেকর্ড জমা দিতে হবে। বিচারক আরও জানিয়েছেন, এই মামলায় নেতানিয়াহু নিজে সাক্ষ্য দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে ড. বেরকোভিটস ও অধ্যাপক পোপভতজারকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হবে কি না।
রিপোর্টারের নাম 





















