পটুয়াখালী সদর উপজেলায় ‘উড়াল দেবো আকাশে’ ফেসবুক স্ট্যাটাস দিয়ে মো. শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৮) নামের এক ইউপি সদস্য নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় তার মামা মো. সোহরাব হোসেন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী-লোহালিয়া সেতুর ঢাল এলাকার নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। শহিদুল পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার মৃত রোশন আলী জোমাদ্দারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুল শহরের সবুজবাগ এলাকায় স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দেখা করে লোহালিয়া এলাকার বাড়িতে পৌঁছান। এরপর ফেসবুকে একটি রহস্যজনক পোস্ট দিয়ে মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘর থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রতিবেশীরা জানান, সন্ধ্যায় বাড়িতে এসে পরিচিত মোটরসাইকেল চালক বাবুকে ফোন করে ডেকে আনেন শহিদুল। এরপর নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে লাগিয়ে দেন। ধারণা করা হচ্ছে, ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরই তিনি ফোনগুলো চার্জে রেখে বেরিয়ে যান। মোটরসাইকেল চালক বাবুর সঙ্গে কথা বলে পরিবার নিশ্চিত হয় যে, শহিদুল রাত সাড়ে ৭টার দিকে লোহালিয়া সেতুর ঢালে নেমে চালককে ভাড়া দিয়ে বিদায় নেন। এরপর থেকেই তার কোনো খোঁজ মেলেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান জানার চেষ্টা করছে। তিনি নিজ থেকে পালিয়েছেন এবং নারীঘটিত কোনো ঘটনা থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 



















