পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার দায়িত্ব গ্রহণের আগেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল ও কড়াকড়ি শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের আমলে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা এই সংক্রান্ত নির্দেশ জারি করে জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার থেকে আর দফতরে উপস্থিত হতে পারবেন না।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই প্রশাসনিক বিধিনিষেধ বহাল থাকবে। ইতোমধ্যে বিভিন্ন দফতরে উপদেষ্টা হিসেবে কর্মরত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত আমলা পদত্যাগ করেছেন এবং সরকারি আবাসন ছেড়ে দিয়েছেন। এছাড়া প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্য সচিবের পক্ষ থেকে প্রতিটি দফতরকে সতর্ক করা হয়েছে যাতে কোনো গুরুত্বপূর্ণ নথি বাইরে না যায় এবং সকল ফাইল যথাযথভাবে তালিকাভুক্ত থাকে।
উল্লেখ্য, সম্প্রতি সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে সংকুচিত হয়ে পড়েছে। আগামী ৯ মে বিজেপির নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করার কথা রয়েছে। এই পটপরিবর্তনের মাঝেই প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো।
রিপোর্টারের নাম 























