কুমিল্লার চান্দিনা উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীকে মারধর করে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। তারা স্বামীকে মারধর করে আটকে রেখে গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, অপহরণের পর সারা রাত ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোররাতে স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে ভুক্তভোগীর স্বামী বিষয়টি আত্মীয়স্বজনকে জানিয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪), মো. ইসমাইল (৩৭) এবং আরও একজনকে আটক করে। এদের মধ্যে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের চান্দিনা থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























