চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম। অভিযানে এক রোগীর অপারেশন অসম্পূর্ণ রেখে চিকিৎসকের চলে যাওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত নিয়ম-নীতির লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ৫ জুন মুসলিমা খাতুন নামে এক রোগীর জরায়ুর টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচার শুরু করা হয়। একপর্যায়ে অপারেশন অসমাপ্ত রেখেই সংশ্লিষ্ট চিকিৎসক চলে যান। পরে রোগীকে চুয়াডাঙ্গায় স্থানান্তর করে সেখানে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এই ঘটনায় রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতেই প্রশাসনিক অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়মের দায়ে ক্লিনিকটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















