পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের নব কাচারীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বহরমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মো. হাওলাদারের ছেলে নীরব (৩০) এবং একই এলাকার বজলু মৃধার ছেলে রুবেল মৃধা (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। মাদক কেনাবেচার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকের পর তাদের তল্লাশি করে ৬০ পিস ইয়াবা এবং নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়। দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























