রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত ১ নম্বর ছাত্রহলের নির্মাণকাজে দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এনএইচ এন্টারপ্রাইজ বারবার সময়সীমা পরিবর্তন করেও কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে। এমনকি প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য কাজে সরিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে। তবে ঠিকাদারের গাফিলতির কারণে শিক্ষার্থীরা হলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসন নিয়মিত তদারকি করছে যাতে দ্রুততম সময়ের মধ্যে অসম্পূর্ণ কাজগুলো শেষ করে হলটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়।
সরেজমিনে দেখা গেছে, হলের অনেক কক্ষে এখনো দরজা লাগানো হয়নি এবং সাবস্টেশন ও পানি সরবরাহ ব্যবস্থার কাজও অসম্পূর্ণ রয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত অক্টোবর থেকে কয়েক দফায় লিখিত প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কাজের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। এই পরিস্থিতিতে দ্রুত আবাসন সংকট নিরসনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রিপোর্টারের নাম 

























