দীর্ঘদিন ধরে জমানো টাকা তুলতে না পেরে চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া বেশ কয়েকটি ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ আমানতকারীরা। সোমবার সকালে ‘আমানতকারী অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠনের ব্যানারে কয়েকশ গ্রাহক এই কর্মসূচিতে অংশ নেন। তারা প্রথমে এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখায় ঢুকে কর্মকর্তাদের বের করে দেন এবং প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরবর্তীতে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখাতেও একই পরিস্থিতি তৈরি হয়।
বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বিগত সরকারের শেষ সময় থেকেই তারা ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন না। কোটি টাকা জমা থাকলেও সামান্য পরিমাণ অর্থও দিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। এমনকি সরকারি সহায়তার টাকাও ব্যাংক কর্মকর্তারা নিজেদের বেতন হিসেবে নিচ্ছেন বলে অভিযোগ তোলেন তারা। আন্দোলনে অংশ নেওয়া এক ভুক্তভোগী জানান, অবসরের সব টাকা ব্যাংকে রেখে এখন তিনি নিঃস্ব হওয়ার পথে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় কার্যক্রম শুরু করে।
রিপোর্টারের নাম 























