ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মাসুদ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক তদন্তে মোটরসাইকেলটি চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 
























