শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নির্ধারণ এবং সেবাবিহীন বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার কলেজের প্রশাসনিক ভবনের সামনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, সেশন ফি হিসেবে ২ হাজার ৬২০ টাকা নির্ধারণ করা হলেও এর মধ্যে ৭৮০ টাকার কোনো স্বচ্ছ হিসাব পাওয়া যাচ্ছে না। যেসব খাতের নামে এই টাকা নেওয়া হচ্ছে, সেসব সুযোগ-সুবিধা সাধারণ শিক্ষার্থীরা ভোগ করছেন না বলে তারা দাবি করেন। শিক্ষার্থীরা অবিলম্বে সেশন ফি জমা দেওয়ার সময় বাড়ানো, সেবাবিহীন খাতের অর্থ ফেরত এবং সকল ফির স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানান।
শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম এ বিষয়ে বলেন, সেশন ফি মন্ত্রণালয় থেকে নির্ধারিত হয় এবং এটি বছরে একবারই নেওয়া হয়। শিক্ষার্থীদের কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তিনি।
রিপোর্টারের নাম 

























