লেবানন সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও সামরিক সরঞ্জামের ওপর হামলায় হিজবুল্লাহ এখন নতুন প্রযুক্তির ‘ফাইবার অপটিক’ ড্রোন ব্যবহার শুরু করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ছোট আকারের ড্রোনগুলোর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় যুদ্ধক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ড্রোনগুলো নির্মাণে খরচ যেমন কম, তেমনি এগুলো রাডারে শনাক্ত করাও বেশ কঠিন। প্রচলিত ড্রোনের মতো এগুলো বেতার তরঙ্গের ওপর নির্ভরশীল নয়, বরং সরু ফাইবার অপটিক তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর ফলে ইসরায়েলি বাহিনীর অত্যাধুনিক সিগন্যাল জ্যামিং প্রযুক্তি দিয়েও এই ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করা সম্ভব হচ্ছে না।
সরাসরি তারের সংযোগ থাকায় এই ড্রোনগুলো অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ইসরায়েলি ট্যাংক ও সেনাবহরের ওপর চোরাগোপ্তা হামলায় হিজবুল্লাহ এই প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহার করছে। নতুন এই যুদ্ধকৌশলটি ইসরায়েলি সামরিক কমান্ডের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























