পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে হজযাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, যারা গুরুতর শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগছেন, তাদের এ বছর হজের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজের কঠিন শারীরিক শ্রমসাধ্য ইবাদতগুলো নির্বিঘ্নে সম্পন্ন করার সক্ষমতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, কিডনি জটিলতা, হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, গুরুতর ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ এবং চলাফেরায় অক্ষম ব্যক্তিদের হজ পালনের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি, মেনিনজাইটিসসহ প্রয়োজনীয় সব টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে এবং বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় প্রতি বছরই সৌদি সরকার হজযাত্রীদের জন্য এমন কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করে থাকে।
রিপোর্টারের নাম 

























