কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার পলাতক আসামিসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে পুলিশ অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ হাসানকে সিএনজিযোগে অপহরণ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অপহৃতকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মোর্শেদ আলম, আবুল বশর ও নুরুল হাকিম।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে পুলিশ চাঞ্চল্যকর হাবিবুল হুদা চৌধুরী (ভিসিআর কালু) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আনিসুর রহমান ওরফে বাবুলকে গ্রেপ্তার করেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























