লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দোকানের তালা ভেঙে সিন্দুক লুট করার সময় বাধা দেওয়ায় ফরিদ হোসেন (৪৪) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে। পরে নিহতের মরদেহ পার্শ্ববর্তী চাঁদপুরের হাজিগঞ্জ এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা।
শুক্রবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ শহরের পাটবাজার এলাকায় ‘নিউ আপন জুয়েলার্স’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সাদা মাইক্রোবাসে করে আসা একদল সশস্ত্র ডাকাত দোকানের সার্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভুক্তভোগী দোকান মালিক জানান, ডাকাত দল সিন্দুকসহ প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলঙ্কার লুট করে নিয়ে গেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে, হাজিগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























