নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষা-২০২৬ (গ্রীষ্মকালীন সেশন) ঢাকা মহানগরীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্র ছিল শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়। শনিবার (২ মে) পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এবং একই কেন্দ্রে আরও একজন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার সময় ধরা পড়ে। পাশাপাশি শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরও ৩ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় আটক হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনা গুরুতর অনিয়ম ও শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর ভবিষ্যতেও এমন অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সংগত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























