রংপুরের পীরগাছা উপজেলায় ঐতিহ্যবাহী বুড়াগাজীর মেলা চলাকালে জাল নোটসহ দুই পেশাদার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের হরিরাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— স্থানীয় বাসিন্দা সাহাজুল ইসলাম (২৮) ও সুমন মিয়া (৩৩)। এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের আটটি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার একটি বিশেষ দল মেলা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অপরাধীরা জাল টাকা আসল হিসেবে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়, তবে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, মেলায় জাল টাকা চালানোর উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক ও জাল টাকার মামলা বিচারাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























