জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার রক্ষা এবং গণভোটের দাবিতে জাতীয় কনভেনশন আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার। তিনি জানান, কনভেনশনটি কয়েকটি অধিবেশনে বিভক্ত থাকবে। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখবেন সারোয়ার তুষার। এতে প্যানেলিস্ট হিসেবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
কনভেনশনের বিভিন্ন অধিবেশনে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা করবেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ। এছাড়া দ্বিতীয় অধিবেশনে জ্বালানি নিরাপত্তা ও বর্তমান সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খানসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 
























