পটুয়াখালীর কলাপাড়ায় ফারজানা (১৯) নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনের একটি ঘর থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত ফারজানা ইটবাড়িয়া গ্রামের নাজিম প্যাদার মেয়ে এবং তিন বছর বয়সী এক কন্যা সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে অন্য একজনের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে স্বামী নাজমুল ফরাজীর সঙ্গে ফারজানার দীর্ঘদিনের দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে সম্প্রতি তিনি বাবার বাড়িতেও চলে গিয়েছিলেন, তবে পরে দুই পরিবারের সমঝোতায় তিনি স্বামীর ঘরে ফিরে আসেন। শনিবার সকালেও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাজমুল তার শ্বশুরবাড়িতে বিষয়টি জানানোর কিছুক্ষণের মধ্যেই ফারজানা ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























